ফেনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রী করোনা আক্রান্ত

করোনাভাইরাসফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় চিকিৎসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ নতুন করে মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, করোনায় সংক্রমিত দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হোসেন ও তার স্ত্রী কিছুটা সুস্থ রয়েছেন। তবে দুই জনই শ্বাসকষ্টে ভুগছেন। তারা চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনায় সংক্রমিত নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৬৭১ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। অন্যত্র স্থানান্তর করা হয়েছে ১৭ জনকে। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।