বুধবার (২৪ জুন) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালটির করোনা ইউনিটে ১২০ জন রোগী ভর্তি রয়েছেন।
ডা. মুক্তা রানি ভূইয়া জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বাকি চার জন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আয়েশা খানম (৭৩) নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা। আগের দিন মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় ছয় জনের।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল জলিল (৫০), আদর্শ সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকার মধুসূদন শীল (৯৫), হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকার দুলাল মিয়া (৬৫) ও দাউদকান্দি উপজেলার বেলানগর এলাকার রুসিয়া (৬৫)। মৃতদের মধ্যে তিন জন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং দুই জন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান জানান, করোনা রোগীদের সাধ্যমতো সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি। যাদের অবস্থা গুরুতর তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না।