শিক্ষকের বাল্যবিবাহ পণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

 




বাল্যবিবাহ: প্রতীকী ছবি নোয়াখালীর সোনাইমুড়ীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাল্যবিবাহ পণ্ড করে বরের বাবাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযুক্ত বর নুরুল আলম হারুন উপজেলার উত্তর বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের রফিক মাস্টার বাড়ির মো. হোসেনের ছেলে।  
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে কয়েকজন পুলিশ নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং কনের বাবা, বর ও বরের বড় ভাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর বরের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।