আটকরা হলেন উলুমারি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩২), মৃত মো. শফির ছেলে আনোয়ার হোসেন (২১), মৃত রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২) ও রঙ্গিখালী গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে নজির আহম্মদ (৫০)।
বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিশ্বস্ত সূত্রে বিজিবি জানতে পারে উলুমারি গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ চারটি বাড়িতে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি দল শুক্রবার রাত থেকে সেখানে অভিযান চালায় এবং বাড়িগুলো চারদিক থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মৃত নুরুল আমিনের পুত্র জাফর আলমের বসতঘরসহ আরও ২টি বসতঘর থেকে ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়। তবে টহল দল নুরুল আমিনের বাড়ি থেকে চার জনকে আটক করতে সক্ষম হয়। পরে বসতবাড়ি তল্লাশি করে ৬টি দেশে তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড রাইফেলের অ্যামুনেশন, চার রাউন্ড এলএমজি অ্যামুনেশন, চার রাউন্ড প্যারাসুট ফ্লেয়ার, একটি পুলিশ বেল্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।