ফেনীত সেপটিক ট্যাংক থেকে ইউনুস বাবু (২৩) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে জেলা শহরের পাঠানবাড়ী সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন এই তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সকালে ওই ভবনের বাসিন্দা শাহরিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী বাবুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার শাহীনকে গ্রেফতার করা হয়েছে। বাবুর ব্যবহৃত আইফোনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে ভবনটির বাসিন্দারা।
ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই ভবনে গিয়ে সেপটিক ট্যাংক লাশ দেখতে পায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেপটিক ট্যাংকে থাকায় লাশে পচন ধরে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের বাড়ি সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায়।
ইউনুস বাবুর মা রেজিয়া বেগম জানান, বাবু ফেনী আইসিএসটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তো। করোনার জন্য সে দেশে আসে। এই সময় তাদের সঙ্গে ফেনী শহরের একটি বাসায় থাকতো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বাবুর বন্ধু শাহরিয়ার বাবুকে ডেকে এনেছিল। হত্যাকাণ্ডের সঙ্গে ওই বাড়ির কেয়ারটেকার শাহীনসহ একাধিক দুর্বৃত্ত জড়িত বলে থাকতে পারে।