বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বালুখালী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়িতে পাচারের জন্য বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা মজুদ করা হয়েছে। বিওপির একটি টহলদল রবিবার রাতে তাজনিমার খোলা পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলম মনোয়ার (৩৫) কে আটক করে পরে তার বাড়ি তল্লাশি করে রান্না ঘরের ভেতরে মাটির নিচে বালতির ভেতরে অতি কৌশলে লুকানো অবস্থায় এক লাখ ৮৭ লাখ ২৮ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউপির তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে সীমান্ত হতে কোটবাজারগামী যাত্রিবাহী সিএনজি তল্লাশি করে উখিয়া উপজেলার চাকবৈঠা গ্রামের জামাল হোসেন (২১) কে আটক করে পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
সোমবার সকালে কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন খুনিয়াপালং ইউপির রেজুখাল যৌথ চেকপোস্ট নামক স্থানে হ্নীলা হতে কক্সবাজারগামী যাত্রিবাহী সিএনজি তল্লাশি করে নুর (২৮) নামে এক যাত্রীকে আটক করে তার শরীরে কৌশলে লুকিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।