দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আ জ ম নাছির

আ জ ম নাছির উদ্দীন (ছবি: সংগৃহীত)শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনও অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘শ্রমিক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হতে হবে। শ্রমিকের ঘামেভেজা শ্রমের ওপর দাঁড়িয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির মূল কারিগর আমাদের শ্রমিকসমাজ। এই শ্রমিকের উন্নত সুন্দর জীবন নিশ্চিতে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে।’

সোমবার (১২ অক্টোবর) নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ওই সভায় আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফর আলী।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মতো শ্রমনিবিড় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সমঝোতা ও হৃদ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।’

শফর আলী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ। ১৯৬৯ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠালগ্ন হতে ৬৯-এর গণ আন্দোলন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর নির্দেশে সক্রিয় অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং ৩০ হাজার শ্রমিক নেতা-কর্মচারী শহীদ হয়েছেন। এরই ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অদ্যাবধি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে মেহনতি মানুষের একমাত্র মুক্তির সনদ এই জাতীয় শ্রমিক লীগ। চতুর্থ শিল্পায়নের বিশ্বে চট্টগ্রাম মহানগরে অঞ্চলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই।’

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জাতীয় শ্রমিক লীগ, পতেঙ্গা হালিশহর শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. ইউনুছ; জাতীয় শ্রমিক লীগ, পাহাড়তলী শিল্পাঞ্চল শাখার সভাপতি মোহাম্মদ শফি বাঙালী; জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. আলী আকবর; জাতীয় শ্রমিক লীগ, নাসিরাবাদ শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. হাসান; জাতীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নগর যুবলীগ নেতা ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাসরিন আক্তার নাহিদা, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ (সিবিএ) সভাপতি মীর নওশাদ, সিনিয়র সভাপতি মো. হাসান, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক মো. বেলাল। এতে সঞ্চালনা করেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর।

এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র‌্যালি বের করা হয়।