যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় বান্দরবান খ্যংওয়াক্যং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা থেকে পিণ্ডদান গ্রহণ করেন।
পিণ্ডদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, লক্ষ্মীপদ দাশ, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিণী মেহ্লাপ্রু, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা।
পিণ্ডদান অনুষ্ঠানে সকলে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোম আগরবাতিসহ নানা রকম উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শান্তি প্রার্থনা করা হয়।
প্রসঙ্গত, প্রতি বছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে মহা পিণ্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই পিণ্ডদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।