দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ: ডা. শাহাদাত

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি কোনও দেশের তাবেদারি করে না। যারা ভিনদেশের তাবেদারি করে এবং প্রভু মানে তাদের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, সেটা বার বার প্রমাণ হয়েছে। তাই আমাদের এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের দল বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। কিন্তু জনগণের ঘাড়ে চেপে বসা স্বৈরাচারী সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় টিকে আছে।

সোমবার (১১ জানুয়ারি) নগরীর চাঁদগাঁও ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন ডা. শাহাদাত নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে সেখান থেকে তিনি বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চাঁন্দগাঁও থানা, মৌলভী পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, বাহির সিগন্যাল মোড় পর্যন্ত গণসংযোগ করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদগার শুরু করেছেন। এ সকল মিথ্যা অপপ্রচারের জবাব আগামী ২৭ জানুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেবে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আবুল হাশেম বক্কর  বলেন, গত ১২ বছরে দুর্নীতির মাধ্যমে সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের উন্নয়ন হলেও সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বিএনপি জনগণের উন্নয়ন ও পরিবর্তনে বিশ্বাসী। বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান।

আবু সুফিয়ান বলেন, চাঁন্দগাঁও এলাকায় অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই নির্বাচনি এলাকা হচ্ছে বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।