উখিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েেছন। এসময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ (২২) ও অপরজন টমটম চালক পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম (২৮)।

এছাড়াও এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।