প্রাইভেট হাসপাতালে লিফট দুর্ঘটনায় নারীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক নারী (৪৪ ) নিহত হয়েছেন।

নিহত জহুরা খাতুন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, জহুরা খাতুন তার দুই সন্তানকে নিয়ে গ্রামীণ হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে আসেন। পরে তিনি নেমে যেতে লিফটের জন্য অপেক্ষা করছিলেন। লিফট ৪ তলা অতিক্রম করে ওপরে চলে গেলেও দরজা খুলে যায় এবং তিনি ঢুকে নীচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কারও অবহেলা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, নিহত নারী গ্রামের একজন সাধারণ গৃহবধূ।  তিনি ৪ তলায় অপেক্ষমাণ থাকা অবস্থায় লিফট ৫ম তলায় উঠে গেলে তিনি লিফটের নীচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।