রাঙামাটিতে অস্ত্র আইনে দুই আসামির কারাদণ্ড

রাঙামাটিতে অস্ত্র আইনে মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর এবং মংখ্যইনু মারমাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. নূরুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নানিয়ারচরে দেশীয় একনলা বন্দুক ও কার্তুজ রাখায় ছিদ্দিক পোদ্দারকে এবং চাইনিজ রাইফেলের গুলি রাখার অপরাধে মংখ্যইনু মারমাকে আটক করে মামলা দায়ের করা হয়। যুক্তি তর্ক শেষে বিচারক মো. নূরুল ইসলাম দুই আসামির একজনকে ২৭ বছর এবং আরেকজনকে ৭ বছর কারাদণ্ড দেন।

রাঙামাটি আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই জনকে কারাদণ্ড দিয়েছেন।’ এই রায়ের ফলে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তিনি।