বোনের বিয়ের বাজার নিয়ে ফেরা হলো না ভাই মাহমুদের

কুমিল্লার বরুড়ায় বোনের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু হয়েছে। কনের ভাই মো. মাহমুদের মৃত্যুতে বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ ওই গ্রামের দ্রোনের বাড়ির আবদুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গত বছর ডিপ্লোমা শেষ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বরুড়ার বিষ্ণুপুর বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাহমুদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি উল্টে মাহমুদের বুকের ওপর পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আবদুর রশিদ বলেন, আমার তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে বিদেশে রয়েছে। ছোট ছেলে মাহমুদ পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিল। আর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে লাকি আক্তারের শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য বাজার ও গোশত কিনতে যাওয়ার সময় আমার ছেলের প্রাণ গেছে। এজন্য বিয়ে স্থগিত রেখেছি।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বোনের বিয়ের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলেটি মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।