খাটের নিচে পাতিলের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা। উদ্দেশ্য ছিল অন্য কোথাও চালান দেওয়া। কিন্তু, র্যাবের চোখ ফাঁকি দিতে পারেনি চোরাচালানিরা। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকার মীর বাড়ির মৃত মাহমুদুল হক এর বসত ঘরে ঢুকে ইয়াবাগুলো উদ্ধার ও ঘরে থাকা মা-ছেলেকে আটক করে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আটক দুইজন হলেন, নগরীর কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকার মীর বাড়ির মৃত মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার (৫৫) ও তার ছেলে এরফানুল হক প্রকাশ মারুফ (২২)।
মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বড় উঠান এলাকাস্থ মীর বাড়ির মৃত মাহমুদুল হক এর বসত ঘরের ভেতর কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা লুকিয়ে রাখার তথ্য দেন। এরপর তাদের শনাক্ত মতে বসত ঘরের খাটের নীচে সিলভারের পাতিলের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মা ও ছেলে জানিয়েছে-তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উদ্ধার ইয়াবাসহ দুইজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।