রাঙামাটি পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আকবর হোসেন চৌধুরী। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শফিকুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের ভোটে আকবর হোসেন ২২ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট। এছাড়া অপরাপর মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে মোবাইল প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৪৩ ভোট। জাতীয় পার্টির প্রজেশ চাকমা লাঙল প্রতীকে পেয়েছেন এক হাজার ৬০৯ ভোট। বিপ্লবী ওয়ার্কাস পার্টির আবদুল মান্নান রানা কোদাল প্রতীকে পেয়েছেন ২৬০ ভোট।
এছাড়া কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দীন, ২ নম্বর ওয়ার্ডে করিম আকবর, ৩ নম্বর ওয়ার্ডে পুলক দে, ৪ নম্বর ওয়ার্ডে
কাউন্সিলর নুর নবী, ৫ নম্বর ওয়ার্ডে বাচিং মারমা, ৬ নম্বর ওয়ার্ডে রবি মোহন চাকমা, ৭ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে কালায়ন চাকমা ও ৯ নম্বর ওয়ার্ডে সন্তোষ চাকমা।
মহিলা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত পদে বেসরবকারিভাবে নির্বাচিত হয়েছেন জোসনা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত পদে নির্মলা দেওয়ান এবঙ ৭,৮ ও ৯ নম্বরওয়ার্ডের সংরক্ষিত পদে বেসরবকারিভাবে নির্বাচিত হয়েছেন জুবাইতুন নাহার।
রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনোধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ঘটেনি।
নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং ৬১ জন কাউন্সিলর প্রার্থী ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন।