কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ (বিএনপি ও জামায়াতপন্থী) নীল প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়েছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে বিএনপি ও জামায়াতপন্থী নীল প্যানেল, আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল এবং সাদা প্যানেলের বিদ্রোহীসহ মোট ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে নীল প্যানেল থেকে অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম সভাপতি এবং অ্যাডভোকেট মো. সহিদউল্লাহ সাধারণ সম্পাদকসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। ১৭টি পদের মধ্যে বাকি ৫টি পদে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল এবং এর বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) সারাদিন ভোটগ্রহণের পর শুক্রবার (১২ মার্চ) সকালে ভোট গণনা শেষে কাঙ্ক্ষিত ফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বক অ্যাডভোকেট সামছুর রহমান ফারুক।
সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নির্বাচনে সমিতির এক হাজার ৮৩ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফল অনুযায়ী শরীফুল ইসলাম ৫৪০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। এ পদে আরও দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের একজন অ্যাডভোকেট আহসান উল্লাহ খন্দকার। তিনি পান ৩৩২ ভোট। অপরজন গোলাম ফারুক। তিনি পান ১৪০ ভোট।
সাধারণ সম্পাদেক পদে অ্যাডভোকে মো, সহিদ উল্লাহ ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া পান ৩৪৫ ভোট।