দেশের অর্থনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, চাঁদপুর-শরীয়তপুর মেঘনা টানেল করার পরিকল্পনা চলছে। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামসহ দেশের সব গুরুত্বপূর্ণ বন্দরের সঙ্গে চাঁদপুর-শরীয়তপুরের যোগাযোগ সহজ হবে। ইনশাআল্লাহ পদ্মাসেতুর মতো এই স্বপ্নপূরণের কাজ অচিরেই শুরু হবে।
শনিবার (১৩ মার্চ) চাঁদপুরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে সাতশ' ২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, চাঁদপুরে নদী ভাঙনরোধে পরিচালিত কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার কাজ চলছে। কাজ বাস্তবায়ন হলে নদীপাড়ের মানুষের দুর্ভোগ লাগব হবে।
অনুষ্ঠনে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেন, চাঁদপুর-শরীয়তপুরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যা যা করনীয়, তাই করবো। সরকারের এদিকে বিশেষ নজর রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এরফলে, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এবারে আমরা স্বপ্ন দেখছি মেঘনা সেতুর। মেঘনা নদীতে চাঁদপুর- শরীয়তপুর সেতুবন্ধনে মেঘনা সেতু বা টানেল করা হবে। যা দিয়ে রেল চলাচল করবে।
উপমন্ত্রী আরও বলেন, বিএনপি কেবল ঈদের পর, চাঁদ দেখার পর আন্দোলন করবে বলে শুনিয়ে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে আন্দোলন করতে জনগণ লাগে, জনগণের সমর্থন লাগে। এই দেশের মানুষ এখন আর বিএনপিকে দেখতে পারে না। তাদের আন্দোলন মানেই সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা। তারা ক্ষমতায় থেকে এবং বিরোধীদলে থেকে শুধু মানুষ মারতে পারে, আগুন সন্ত্রাস করতে পারে, দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করতে পারে।