প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্মরণে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা প্রশাসন স্থগিত করেছে। রবিবার (২১ মার্চ) দুপুরে প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠান স্থগিত করা হয়।
এদিকে, এ শোকসভা স্থগিত করায় ভীষণ ক্ষুব্ধ বসুরহাট পৌরসভার মেয়র। তিনি ফেসবুক লাইভে এসে মন্তব্য করেছেন, ‘যে দেশ তার গুণী ব্যক্তিকে সম্মান করে না, সে দেশে গুণী ব্যক্তির জন্ম হয় না।’
আবদুল কাদের মির্জা দুপুরে তার লাইভ অনুষ্ঠানে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘হঠাৎ করে রবিবার দুপুর ১টায় থানা থেকে নির্দেশ দেওয়া হলো এ প্রোগ্রাম চলবে না। আমি ডিআইজির সাথে কথা বলেছি। তিনিও বললেন এ প্রোগ্রাম করা যাবে না। আমার প্রশ্ন, গতকাল আমি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্মরণসভা এবং মিলাদ মাহফিল করেছি। কই সেখানে তো বাধা দিলেন না। আজকে আমরা পরমতসহিষ্ণু রাজনীতির যে সংস্কৃতি, সে সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি।’
প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি। স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় গত এক মাসে ঘটা দুটি পৃথক সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় উভয়পক্ষে একাধিক মামলা দায়ের হয়েছে।