কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে তারা কেউ হাসপাতালের কোনও ওয়ার্ডে কাজে যোগ দেননি।
এ বিষয়ে জানতে ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
পরে এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসকরা আমাদের কোনও চিঠি দেয়নি। তাই অফিশিয়ালি এ বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। বিষয়টি নিয়ে আমরা বৈঠক করছি।’
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের তৃতীয় শ্রেণির এক কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে কোনও ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে কাজে যোগ দেননি। যে কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, কাল রাতে মেডিক্যাল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হন। ওই ঘটনার জের ধরেই সম্ভবত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের প্রশাসনের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের পরও কর্মবিরতি প্রত্যাহার করেনি ইন্টার্নরা। তাদের দাবি, দোষীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।