ওসির পর পুলিশের ডিএসবির শীর্ষ কর্মকর্তাকে বদলি

হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে বদলি করার পর এবার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরীকেও বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারিক রা আদেশে তাকে বদলি করা হয়।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, এটি পুলিশের নিয়মিত বদলি অংশ। তবে বুধবারের মধ্যেই তাকে (আলাউদ্দিন) ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিতে হবে। আদেশে বিষয়টি বলা আছে।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়, সদর থানার ২নং ফাঁড়ি, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩০ থেকে ৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।