তথ্যমন্ত্রী’র আহ্বানে ধান কেটে দিলো কৃষকলীগ

ধানকাটা শ্রমিকের অভাবে বিপাকে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষক লীগের নেতাকর্মীরা। রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’র আহ্বানে কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলের ক্ষুদ্র কৃষক আবদুন নবীর জমির ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এই কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছেন কৃষকলীগের নেতা-কর্মীরা।

কৃষক আবদুন নবী জানান, এখন ধানকাটার মৌসুম, তার ওপর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। প্রতিবছর ধান কাটার মৌসুমে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলবেঁধে ধানকাটা শ্রমিকরা আসেন রাঙ্গুনিয়ায়। কিন্তু, এবার করোনার প্রভাব ও লকডাউনে শ্রমিকের অভাব। তাই ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় কৃষকলীগের নেতাকর্মীরা এসে আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন।

শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখি ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা প্রান্তিক এই কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

রাঙ্গুনিয়ায় কৃষকলীগের ধানকাটা কর্মসূচিতে অংশ নেন উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, কৃষক লীগ নেতা নারায়ণ চন্দ্র দে, রফিক আহাম্মদ চৌধুরী, খোকন তালুকদার, মহসিন চৌধুরী, নেজাম উদ্দিন চাষি, একরামুল হক, মোহাম্মদ সুমন, আবু মনছুর, আবু ছালেহ, নুর মোহাম্মদ, মাহবুব আলম, বাবলা তালুকদার প্রমুখ।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘ধান কাটা উৎসব’ শুরু করেছে কৃষকলীগ। এর আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন। বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে গুমাইবিলের কৃষক আবদুল নবীর এক একর জমির ধান কেটে দেন কৃষকলীগ নেতাকর্মীরা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হবে।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্যোগ-দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবারও কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন প্রধানমন্ত্রী’র নির্দেশে এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে।