হাটহাজারীতে অরাজকতা, সহিংসতা ও নাশকতা সৃষ্টিতে মদতদানের অভিযোগে হারুন ইজহারকে র্যাব-৭ আটক করেছে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে অবশ্য বুধবার (২৯ এপ্রিল) রাত থেকেই দাবি করা হচ্ছিল র্যাব সদস্যরা মুফতি হারুন ইজহারকে আটক করে নিয়ে গেছে। বুধবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে হারুন ইজহারকে আটক করা হয় বলে দাবি করেন। পরে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাতে র্যাব সদস্যরা লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন চলাকালীন সময়ে একটি কুচক্রীমহল দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে হাটহাজারী এলাকায় যে অরাজকতা, সহিংসতা, নাশকতা ও ধ্বংসলীলার তাণ্ডব চালায় সে ঘটনায় জড়িতদের আটকের জন্য র্যাব-৭ ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে হারুন ইজহারকে আটক করে। তার বিরুদ্ধে হাটহাজারী এলাকার অরাজকতা, সহিংসতা ও নাশকতা সৃষ্টির মদতদানের অভিযোগ রয়েছে।