চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি পিংকি’ নামে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। ইঞ্জিন বিকল হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ার উপজেলার পার্কি বিচ এলাকায় এটি ডুবে যায় বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পাথরবোঝাই বাল্কহেডটি ভাসানচর যাচ্ছিলো। সকাল ৭টার দিকে একটি মার্চেন্ট জাহাজের সঙ্গে ধাক্কা খেলে বাল্কহেডটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর খবর পেয়ে আমরা (কোস্টগার্ড) দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাই। মার্চেন্ট জাহাজটির কাছে গিয়ে আমরা জানতে পারি বাল্কহেডটি ভাসতে ভাসতে পার্কি বিচের দিকে চলে গেছে। পরে দ্রুত ওই এলাকায় গিয়ে আমরা বাল্কহেডে থাকা চার জনকে উদ্ধার করি। তাদের উদ্ধার করার কিছুক্ষণ বাল্কহেডটি ওই এলাকায় ডুবে যায়।