ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে হেফাজতে ইসলামের ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে শনিবার (১ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৩৯৮ জনকে গ্রেফতার করা হলো। শনিবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে ইসলামী আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবং জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা নিয়াজুল করিমসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী এবং তাণ্ডবের সঙ্গে জড়িত।
তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি। ৫৬টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।
গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালান হেফাজতের কর্মী ও সমর্থকেরা। তারা সরকারি ও বেসরকারি অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।