মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সাইদুর রহমান (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক সিরাজুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিনের ছেলে। যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থীর পিতা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

বুধবার (১৯ মে) রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার (২০ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীকে (১০) ভয় দেখিয়ে কয়েকদিন ধরে যৌন নিপীড়ন করে আসছেন ওই শিক্ষক। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে ছেলের মুখে ওই ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রের বাবা।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসা শিককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক যৌন নিপীড়নের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।