হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। বুধবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে হালদার আজিমের ঘাটা, নাপিতের ঘোনা, স্লুইসগেট, মাছুয়া ঘোনা, নোয়াহাটসহ বিভিন্ন এলাকায় মা-মাছ নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা।

হাটহাজারীর গড়দুয়ারা সওদাগর হাটের কামাল সওদাগর জানিয়েছেন, প্রতি বছর ডিম ছাড়ার আগে মা নমুনা ডিম ছাড়ে। গত কয়েকদিন ধরে ডিম সংগ্রহের জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু ডিম ছাড়ার জন্য যে ধরনের আবহাওয়া দরকার সেটি না থাকায় এতদিন ডিম ছাড়েনি। কাল মাঝরাতে নমুনা ডিম ছেড়েছে। এখন যেকোনও সময় ডিম ছাড়বে মা মাছ। আশা করি আজ রাত বা আগামীকাল ডিম ছাড়তে পারে।

তিনি আরও বলেন, অনেকে নমুনা ডিম সংগ্রহ করেছেন৷ আমি নিজেও সংগ্রহ করেছি। পূর্ণমাত্রায় ডিম সংগ্রহের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতি বছর বর্ষার শুরুতে অনুকূল পরিবেশ তৈরি হলে মা মাছ হালদায় ডিম ছাড়ে। পুরোদমে ডিম ছাড়ার আগে মা মাছ নমুনা ডিম ছাড়ে। গতকাল রাতে হালদায় নমুনা ডিম ছেড়েছে। অনেকেই নমুনা ডিম সংগ্রহ করেছেন। অনুকূল পরিবেশ তৈরি হলে আজ, কালের মধ্যে পূর্ণমাত্রায় ডিম ছাড়বে মা মাছ।

তিনি আরও বলেন, ডিম সংগ্রহের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন ডিম সংগ্রহকারীরা। গত কয়েকদিন ধরে তারা নৌকা নিয়ে হালদায় মা মাছের ডিম ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

হালদায় মা মাছ ডিম ছাড়ার শর্ত হচ্ছে— পূর্ণিমা বা অমাবস্যার তিথি বা জো থাকতে হবে। একই সময়ে নদীর স্থানীয় এবং খাগড়াছড়ি, মানিকছড়িসহ নদীর উজানে পাহাড়ি এলাকায় প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হতে হবে। ফলে পাহাড়ি ঢল নামবে এবং নদীতে ফেনাসহ পানি প্রবাহিত হবে। ঠিক এ সময়ে পূর্ণ জোয়ার শেষে অথবা পূর্ণ ভাটা শেষে পানি যখন স্থির হয় তখনই কেবল মা-মাছ ডিম ছাড়ে।