চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান

টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে- এমন আশঙ্কায় পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রবিবার (০৬ জুন) বেলা ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসানের তত্ত্বাবধানে ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের ছয়টি পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেছেন। সন্ধ্যা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, নগরে আমাদের ১৯টি আশ্রয় কেন্দ্র আছে। এর মধ্যে ১০টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আশ্রয় নেওয়াদের জন্য কেন্দ্রে শুকনো খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে আজ ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরের কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি জমেছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন নগরের নিচু এলাকার বাসিন্দারা।