বজ্রপাতে চট্টগ্রামের দুই উপজেলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার (০৬ জুন) সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ও মীরসরাইয়ের পূর্ব ডোমখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকি দাশ (৩৮), ভানু শীল (৪০) ও মো. সাজ্জাদ হোসেন তারেক (১৬)। এদের মধ্যে তারেকের বাড়ি মীরসরাই উপজেলার পূর্ব ডোমখালীতে। অপর দুজন ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা।
আহতরা হলেন- মালতী রানী দাশ (৫০) ও শোভা রানী দে (৪৫)। তাদের দুজনের বাড়ি ফটিকছড়িতে। অন্যজন হলেন- মীরসরাইয়ের মোশারফ।
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বাংলা ট্রিবিউনকে বলেন, মানিকপুর ওয়ার্ডের ডলুপাড়ায় বাড়ির পাশে মরিচ ক্ষেতে চার নারী কাজ করার সময় বজ্রপাতে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বাড়ির কাছেই তারেক ও তার বাবা মোশারফ কৃষি কাজ করছিলেন। সকাল ১০টার দিকে বজ্রপাতে তারেক ঘটনাস্থলে মারা যান। এ সময় তার বাবা মোশারফও আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।