ব্রিজ থেকে পিছলে খালে সিএনজি, নিহত ২

চট্টগ্রামে ব্রিজ থেকে পিছলে সিএনজিচালিত একটি অটোরিকশা খালে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে তিনি জানান।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. সুলতান (২৬) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)। চালক সুলতান পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার হাসান সাহেবের বাড়ির বাসিন্দা।

শীলাব্রত বড়ুয়া বাংল ট্রিবিউনকে বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুইজনকে হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, খালের ওপর নির্মিত লোহার ব্রিজ দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটি স্লিপ করে খালে পড়ে যায়। পরে আমরা দ্রুত উদ্ধার করে তাদের সবাইকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খালে প্রচুর পানি থাকায় সিএনজিটি পানিতে ডুবে যায়। এ সময় তিনজন সিএনজি থেকে বের হতে পারলেও চালকসহ দুইজন বের হতে পারেননি। তারা ডুবে মারা যান।