চলমান কঠোর লকডাউনের মধ্যে নোয়াখালীর চাটখিলে পশুর হাট বসিয়ে জনসমাগম করায় হাটের খাজনা আদায়কারীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাটটিও বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৬ জুলাই) জেলার চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের পাশে একটি মাঠে এ হাট বসানো হয়। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু সালেহ মোহাম্মদ মোসা অভিযান চালিয়ে জরিমানা আদায় করে হাটটি বন্ধ করে দেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম বলেন, বাইরের থেকে গরু এনে বাজারের পাশে একটি মাঠে গরুর হাট বসানো হয়েছে। শোনা মাত্রই তা প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়।
ইউএনও এসএম আবু সালেহ মোহাম্মদ মোসা বলেন, এটি কোনও বাজার ইজারার অংশ নয়। ঘটনাস্থলে গিয়ে মো. লাবলু নামে এক খাজনা আদায়কারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পশুর হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।