ককটেল তৈরির সরঞ্জামসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ শামলাপুর ক্যাম্পে ককটেল তৈরির সরঞ্জামসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন উপজেলা শামলাপুর ক্যাম্প-২৩ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-১৮ এর বাসিন্দা মৃত নূর হোসেনের ছেলে শাহীন (২২) ও তার ভাই মো. শাহেদ (১৮)।

এসব তথ্য নিশ্চিত করে ১৬-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম জানান, শামলাপুর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা গোলাবারুদসহ অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৯টি ককটেল সদৃশ বস্তু ও ছুরি, স্কচটেপ, কাঁচিসহ তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে টেকনাফ মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।