ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় মেয়র গলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. মাসুদুর রহমান (৫০)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদরাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রামে এপিবিএনে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, গুরুতর আহত অবস্থায় দুপুর ২টার দিকে সহকর্মীরা মাসুদুর রহমানকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, দুপুর পৌনে ২টার দিকে মাসুদুর রহমান সড়কের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামীর একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।