করোনায় মেয়ের পর মারা গেলেন মা 

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ৫৫ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মা-মেয়ে। বুধবার (১১ আগস্ট) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কালিরবাজার লক্ষ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নব নেছা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যান। এর আগে রবিবার রাত দেড়টায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা বেগম (৫৮)। 

স্বল্প সময়ের ব্যবধানে মা-মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফাতেমা আক্তারের ছেলে সাইদুর রহমান তার মা ফাতেমা বেগম ও নানু জয়নব নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া জয়নব নেছার ভাতিজি সাহিদা আক্তার জানান, ফুফু গত শনিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। একদিন পর রবিবার ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার ভোররাতে ফাতেমা মারা যান। তার একদিন পর বুধবার সকালে ফুফু মারা যান।

ফাতেমা আক্তার কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।