৮ মাস পর পরিচয় মিললো ডিএনএ পরীক্ষায় 

চট্টগ্রামে আট মাস আগে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মো. নুরুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে তার ডিএনএ পরীক্ষা করে পরিচয় মিলেছে। তিনি আজিজুর রহমান। আর নুরুল আমিন তার বাবা। মঙ্গলবার (১৭ আগস্ট) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছরের ডিসেম্বরে পুকুরে ডুবে আজিজুর রহমানের মৃত্যু হয়। কিন্তু তখন তার পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করে দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম।

এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নুরুল আমিন। আজিজুরের ছবি থাকলেও চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ পরীক্ষা করা হয়। গতকাল সোমবার পরীক্ষার ফল আসে। এতে নুরুল আমিনের সঙ্গে তার ডিএনও ৯৯.৯৯ শতাংশ মিলে যায়।

নুরুল আমিনের বরাত দিয়ে ওসি আরও বলেন, আট মাস আগে আজিজুর রহমান ঘর থেকে অভিমান করে বের হয়ে যান। এরপর থেকে ছেলেকে খুঁজছিলেন নুরুল আমিন। কিন্তু দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেলেও সন্তানকে আর ফিরে পাননি। গত ডিসেম্বরে পুকুরে ডুবে মারা যান আজিজ। এরপর বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়।