পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী মো. জামাল প্রকাশ ওরফে বুস্টার জামালকে (৩৫) তার পাঁচ সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) ভোরে নগরীর আগ্রাবাদ নালাপাড়া গলির মুখে ডাকাতির প্রস্তুতিকালে ডবলমুরিং থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা, কাটার, প্লাস, রেঞ্চ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার বাকি পাঁচজন হলেন- মো. তুফান (২৫), মো. আরিফ হোসেন (২৫), মো. লিটন প্রকাশ সুমন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩০) এবং মো. হানিফ (৩২)।
ওসি মোহাম্মদ মহসীন জানান, বুস্টার জামাল চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার গ্রুপ ‘বুস্টার গ্রুপ’ নামে পরিচিত। তার গ্রুপের সবাই অন্য পেশার ফাঁকে ছিনতাই, ডাকাতি ও চুরি করেন। তাদের কেউ রিকশাচালক, কেউ সিএনজিচালক। তারা দিনভর গাড়ি চালান। রাতে আর ভোরে ছিনতাই, চুরি ও ডাকাতি করেন।
তিনি আরও জানান, আজ ভোরে তারা আগ্রাবাদ নালাপাড়া গলির মুখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুস্টার জামাল জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি করে ঘোরেন। এরপর টার্গেট নির্ধারণ করে। পরিকল্পনা করে ছিনতাই কিংবা ডাকাতি করে পরে এই সিএনজি নিয়ে পালিয়ে যান তারা। গ্রেফতার জামালের বিরুদ্ধে পাঁচটি, তুফানের বিরুদ্ধে তিনটি, লিটনের বিরুদ্ধে পাঁচটি, আনোয়ারের বিরুদ্ধে তিনটি এবং হানিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।