খাবার খেতে হোটেলে ঢুকে আসামি হারালো পুলিশ

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের পাহারা থেকে ধর্ষণ মামলার দুই আসামি পালিয়ে গেছে। ঢাকা থেকে ফেরার পথে বুধবার (১৮ আগস্ট) বিকাল ৩টা ৪০ মিনিটে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় হাইওয়ে রোডের পাশে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলো- সোনাইমুড়ী থানার বাট্টা গ্রামের মুজামিয়া ব্যাপারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল (২৪) ও একই থানার বগাদিয়া গ্রামের সওদাগর বাড়ির মৃত মো. আবদুল লতিফের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১ আগস্ট দায়ের হওয়া ধর্ষণ মামলায় (নম্বর-১) আদালতের নির্দেশে আজ সোনাইমুড়ী থানা পুলিশ আসামি ও ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার মালিবাগ সিআইডিতে নিয়ে যায়। ফেরার পথে গজারিয়ার হাইওয়ে এলাকায় আল মদিনা হোটেলে দুপুরের খাবার খেতে নামলে, আসামিরা পুলিশি পাহারায় টয়লেটে ঢুকে দুই টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’