থান‌চি‌তে ফের মিললো মর্টার শেল ও আরএল গোলা

বান্দরবা‌নের থান‌চি‌র তিন্দুর সীমান্ত এলাকা থে‌কে তিনটি মর্টার শেল ও দুটি আরএল গোলা উদ্ধার ক‌রে‌ছে বলিপাড়া ৩৮‌-বি‌জি‌বির সদস্যরা। মঙ্গলবার (১৭ আগস্ট) স্থানীয় সোর্স এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক‌টি অভিযান প‌রিচা‌লিত হয়। এ‌তে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম।

এসময় থান‌চির সীমান্তবর্তী দুর্গম তিন্দুমুখের পাহাড়ি এলাকা থে‌কে তিনটি উচ্চশক্তি সম্পন্ন মর্টার শেল এবং দুটি আরএল গোলা উদ্ধার করা হয়। প‌রে উদ্ধার বিস্ফোরকগুলো (১৮ আগস্ট) বিকা‌লে সীমান্তবর্তী তিন্দুমুখের দুর্গম এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে অকার্যকর করা হয়।

বলিপাড়ার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম ব‌লেন, ধারণা করা হ‌চ্ছে আইনশৃঙ্খলা বা‌হিনীর ভ‌য়ে অনেক দিন আগে সন্ত্রাসীরা উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে গে‌ছে। ব‌লিপাড়া জোনে দ্বিতীয়বারের মতো এ ধরনের বিস্ফোরক উদ্ধার ও প‌রে তা ধ্বংস ক‌রো হয়েছে। জেলায় যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে ব‌লেও জানান তি‌নি।