পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়লো সেতু, আহত ৩

রাঙামাটির কাউখালি উপজেলার নাইলাছড়ি সড়কে পোয়াপাড়া বেইলি সেতু অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক যোগাযোগ। শুক্রবার (২০ আগস্ট) আনুমানিক দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি পৌঁছালে সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকের চালকসহ দুই-তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে। সাপ্তাহিক হাটসহ জনজীবনে এই সেতু ভেঙে যাওয়ায় সংকট সৃষ্টি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালি থানার ওসি মো. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে গেছে। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এ ঘটনার খবর আমরা পেয়েছি। সেতুটি সাত টনের ধারণক্ষমতা থাকলেও ট্রাকটি ৩০ টনের ওজন নিয়ে পারাপার হচ্ছিল বলে জানতে পেরেছি। তবে দ্রুত চলাচলার ব্যবস্থা করা হচ্ছে।’