বিদেশগামীদের করোনার জাল সনদ দিতেন তিনি 

নোয়াখালীতে বিদেশগামীদের করোনাভাইরাসের জাল সনদ দেওয়ার অভিযোগে মো. কামরুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

সোমবার (২৩ আগস্ট) জেলা সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে সুধারাম মডেল থানা পুলিশ। কামরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো. আবুল হোসেনের।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, বিদেশগামীদের দ্রুত করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো কামরুল। বিষয়টি জানতে পেরে আমাদের ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের ভিত্তিতে তাকে আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, করোনা সনদ জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।