বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে ভাই নিহত

নোয়াখালীর কবিরহাটে বড় বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) বেলা ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া-লেঙ্গার দোকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জহিরুল ইসলাম সোহাগ। তিনি উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, আজ রাতে জহিরুল ইসলাম সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং আগামীকাল বিয়ে। বোনের বিয়ের কেনাকাটার জন্য মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।