চট্টগ্রামে করোনা শনাক্তের হার ধীরে ধীরে কমে আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি গত এক মাসে সর্বনিম্ন শনাক্ত। এদিকে শনাক্তের হার কিছুটা কমলেও মৃত্যু এখনও আগের মতোই রয়েছে। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় এক হাজার ২৩৭ জন মারা গেছেন। এর মধ্যে ৬৯২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৪৫জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনের তথ্যানুযায়ী চট্টগ্রামে ৯৯ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৪২৩ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ২০৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৯৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪টি এবং আরটিআরএল ল্যাবে ৮টি পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৪জন, বিআইটিআইডি ল্যাবে ৭০জন, সিভাসু ল্যাবে তিন জন এবং আরটিআরএল ল্যাবে চার জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ৫৬টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১০৩টি নমুনা পরীক্ষায় ছয় জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ২৩২টি নমুনা পরীক্ষায় তিন, মা ও শিশু হাসপাতালে ৪৬টি নমুনা পরীক্ষায় পাঁচ, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২টি নমুনা পরীক্ষা করে দুই এবং ইপিক হেলথ কেয়ারে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।