চট্টগ্রামে একদিনে আরও ৪ মৃত্যু 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও চার জন মারা গেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে জানানো হয় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৫৯ জন। এর মধ্যে ৭০০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৫৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে চট্টগ্রামে এক লাখ ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭২ হাজার ৮৯১জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৫৬১জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 
 
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি এবং আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ১৫জন, বিআইটিআইডি ল্যাবে ২৮জন, চমেক ল্যাবে ৩০জন, সিভাসু ল্যাবে ২৯জন এবং আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। এদিন ২৫টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষায় পাঁচ জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৩৭৫টি নমুনা পরীক্ষায় পাঁচ জন, মা ও শিশু হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষায় দুই জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় চার জন, ইপিক হেলথ কেয়ার ৭৭টি নমুনা পরীক্ষায় ১৪ জন এবং ল্যাব এইডে দুটি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের তিনটি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।