আমার আল্লাহ আছে, আর কাউকে ভয় পাই না: কাদের মির্জা

যারা আজ অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন, তাদেরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘আমাকে হুমকি দিয়ে লাভ নেই, কারণ আমি ন্যায়ের পক্ষে আছি। আমার আল্লাহ আছে, আর আছে জনতার শক্তি। আমি আর কাউকে ভয় পাই না। সবাইকে একদিন মরতে হবে।’ 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘যারা আমার বিরুদ্ধে আছেন, তাদের সঙ্গে পুলিশ-প্রশাসন ও অবৈধ টাকা আছে। আমার সঙ্গে পুলিশ-প্রশাসন ও অবৈধ টাকাও নেই। আমি অন্যায় করি না।’

তিনি বলেন, ‘আমি ব্যাংক লুটপাট, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য করি না। আমার টাকাও নেই, তাই প্রশাসনের কেউ আমার পক্ষে নেই। এখন বসুরহাট বাজারে দোকান লুটপাট হয়। থানা থেকে ১০ গজ দূরত্বের মধ্যেও দুই দিন আগে দোকানঘরে ডাকাতি হয়েছে। আমি বাজার কমিটির সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধানের চেষ্টা করতেছি। তাদের বলেছি, নিরাপত্তা প্রহরীর অর্ধেক বেতন আমি দেবো। এরপরও মানুষ যেন শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারে।’