রাজনীতির প্রতি মোহ নেই আমার: কাদের মির্জা

রাজনীতির প্রতি মোহ নেই বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘আমি পৌরসভার মেয়র। জনস্বার্থে আমার সব কিছু করার ক্ষমতা আছে। আজকে কোম্পানীগঞ্জে ত্রাসের রাজত্ব কেন কায়েম হচ্ছে? মেরুদণ্ডহীন ওবায়দুল কাদেরের সিদ্ধান্তহীনতার কারণে। সে আজ কোম্পানীগঞ্জকে শেষ করে দিচ্ছে।’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘আজকে ওবায়দুল কাদেরের মতো নেতাদের নেতৃত্বে রাজনীতি করার কোনও সুযোগ আছে বলে আমি মনে করি না। বঙ্গবন্ধুকে ভালোবাসি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমি ভালোবাসি। আজকে শেখ হাসিনা দেশে-বিদেশে সমাদৃত।’

তিনি বলেন, ‘পুলিশ আমার গায়ে হাত দিয়েছে, বিচার পাইনি। আমার ছেলেদেরকে নিয়ে মারধর করেছে। আমার ছেলেদেরকে মুজাক্কির হত্যা মামলায় দিচ্ছে। ওবায়দুল কাদের বলেছে, আমি দেখছি। আজকে দুই মাস পেরিয়ে গেছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে কাদের মির্জা বলেন, ‘এটা কমিটি নয়, বানরের পিঠা ভাগ। এ কমিটিতে নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এ কমিটি হচ্ছে অপরাজনীতির আরেকটি চমক। আমরা এ কমিটির পক্ষে ও বিরুদ্ধে নেই।’