নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত চার জনের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের তালতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এক বার্তায় জানান, শুক্রবার বিকালে আমিরাবাদ হাইস্কুল মাঠে নাউরী গ্রাম ও আমিরাবাদ গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে ৮টায় তালতলা বাজারে আমিরাবাদের ১০ থেকে ১২ জন অস্ত্রধারী নাউরী গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬) গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে ফয়সাল, আরমান, জিসান ও মানিককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।