পুলিশ এসেছে ভেবে নদীতে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরের পুরান বাজারে গভীর রাতে দুই যুবক ‘মাদকসেবনের সময় পুলিশ এসেছে’ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ডাকাতিয়া নদীতে পুরান বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ওই যুবকের নাম রুবেল হোসেন। তিনি পুরান বাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। পেশায় অটোচালক ছিলেন।

রুবেলের বন্ধু হাসান রাব্বি জানান, ৫নং কয়লা ঘাটের নদীর পাড়ে দুই জন বসে আলাপ করছিলেন। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুই জন নদীতে ঝাঁপ দেন। এ সময় পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন রুবেল। অনেক খোঁজাখুঁজির পর লাশটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ, এসআই রাশেদুজ্জামান ও পুরান বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

ওসি আব্দুর রশিদ বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৫নং ঘাটে তারা দুই জন বসে মাদক সেবন করছিল। এ সময় পুলিশ ও সাধারণ মানুষ ওই দিকে যাচ্ছিল। ভয়ে পানিতে ঝাঁপ দেয়। একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু আরেকজন উঠতে পারেনি। এ ঘটনায় কোনও মামলা হয়নি। পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।’