মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শনিবার (৯ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় যাওয়ার পথে বিকালে কক্সবাজার বিমানবন্দরে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের নেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত মুহিবুল্লার পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনও ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্যও বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। আস্তে আস্তে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকছে।’
তিনি বলেন, ‘মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।’
সাংবাদিকদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না- জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ‘এমন কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারে দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার প্রতিনিধি দলটি মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও আছেন- পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।
শুক্রবার (৮ অক্টোবর) দুই দিনের সফরে বিমানযোগে কক্সবাজারে পৌঁছে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি। বিকালে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।