কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য কোরআন অবমাননার মামলায় শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এই রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, ‘অভিযুক্ত ইকবালসহ চার আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তারা মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার সাত দিনের রিমান্ড শেষ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
প্রধান অভিযুক্ত ইকবালসহ এ মামলার অন্য আসামিরা হলেন, মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য ৯৯৯-এ কল করে জানানো ইকরাম হোসেন এবং নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরী (র.)-এর মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।
এর আগে গত শনিবার (২৩ অক্টোবর) এই মামলায় ইকবালসহ চার জনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ অক্টোবর রাতে প্রধান অভিযুক্ত ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করা হয়। ২২ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটে তাকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়।