কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) ভোরে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোচালক কুমিল্লার লাকসাম উপজেলার তৌহিদুল ইসলাম (২৪) ও যাত্রী একই উপজেলার মনোহরগঞ্জ উপজেলার মো. ইব্রাহীম (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান।
তিনি বলেন, চন্দিনায় কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী হয়ে রাস্তার পাশে কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক তৌহিদুল ইসলাম নিহত হন। যাত্রী ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।