নোয়াখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় করা মামলায় পাঁচ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মহিব্বুল্লাহ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বেগমগঞ্জ মডেল থানার ২৪ নম্বর মামলায় কাজী সোনিয়া আক্তার এজাহারনামীয় মোজাম্মেল হোসেন ও বেলায়েত হোসেনের তিন দিন করে এবং সন্দেহভাজন জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন আবিরের দুই দিন করে রিমান্ড দেন। এ ছাড়া চাটখিল থানার ৮ নম্বর মামলায় ৭ নম্বর আমলি আদালতের বিচারক শেখ মো. মহিব্বুল্লাহ আসামি মো. পারভেজ হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, রবিবার (৩১ অক্টোবর) রাতে বেগমগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মামলায় জড়িত আরও চার আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ, করিমপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আব্দুর রহিম সোহাগ (১৮), গণিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে মো. সাইফুল ইসলাম রিপন (২৫) ও গোপালপুর আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয় (১৭)।
জেলা পুলিশ সুপার বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে শনাক্তের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’